নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জালাল উদ্দীন ডিগ্রী কলেজ-এ একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
বৃহস্পতিবার দুপুরে জালাল উদ্দীন ডিগ্রী কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ রশিদ আহাম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মন্জুরুল আজিম সুমন।
প্রধান অতিথির বক্তব্যে মন্জুরুল আজিম সুমন বলেন, শিক্ষা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি আদর্শ শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। তিনি আরও বলেন, জালাল উদ্দীন ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা বিকাশে কাজ করে যাচ্ছে।
সন্তানদের সঠিক পথে রাখতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে রাখতে হবে। সন্তানদের মধ্যে পরিশ্রম এবং মানবিক মূল্যবোধ তৈরি করতে হবে যাতে তারা আগামী দিনে দেশের যোগ্য নেতৃত্ব দিতে পারে।
উক্ত অনুষ্ঠানে জালাল উদ্দীন ডিগ্রী কলেজ-এর শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি পুরো অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়।