হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়ায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে অনির্বাণ (স্বর্ণ) নামে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে হাতিয়া উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত অনির্বাণ হাতিয়া উপজেলার আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। তার পিতা সুব্রত দাস রাজশাহী জেলার আরালি গ্রামের বাসিন্দা এবং মাতা অনুপমা হাওলাদার হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অনুপমা হাওলাদার বর্তমানে নোয়াখালী জেলা সদরে প্রশিক্ষণে থাকায় অনির্বাণ তার নানির কাছে থেকে পড়াশোনা করছিল। শনিবার দুপুরে গোসল করতে গিয়ে সে আর ফিরে আসেনি।
নিহতের নানি মিনু রাণী হালদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দুপুরে গোসল করতে গিয়ে আমার নাতি আর ফিরে আসেনি।”
হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার হারুন অর রশীদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ঘটনাটি এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।