নিজস্ব প্রতিবেদক:
ঢাকার সাভারে জমি দখল, মারধর, মিথ্যা মামলা ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত ভূমিদস্যু মোঃ ফারুক হোসেন (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে হাজির করার পর ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই ঘটনায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশ সুপারের দৃঢ় ভূমিকার প্রশংসা করছেন স্থানীয়রা।
জানা গেছে, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পর ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার তদারকিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে সাভারের বলিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়।
মামলার বাদী মোঃ আমির হামজা অভিযোগ করেন, তার ভাতিজা ফারুক হোসেন দীর্ঘদিন ধরে পৈতৃক জমি দখলের চেষ্টা করে আসছিলেন। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মিথ্যা মামলা, ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তাদের পরিবারকে এলাকা ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল।
অভিযোগ অনুযায়ী, গত ১৩ ফেব্রুয়ারি বিকেলে ফারুক ও তার সহযোগীরা লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে হামলা চালায়। এতে পরিবারের একাধিক সদস্য আহত হন। এমনকি ঘরে আটকে রেখে আগুন দিয়ে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
ভুক্তভোগী পরিবার আরও অভিযোগ করে, ফারুক হোসেন দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে নিরীহ মানুষকে হয়রানি করে আসছিলেন এবং তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করতেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনা করে এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ফারুকের গ্রেপ্তারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও ভয়ের কারণে কেউ প্রতিবাদ করতে পারছিলেন না।
ভুক্তভোগী পরিবার পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এখন তারা ন্যায্য বিচার পাওয়ার আশাবাদী।
এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, জমি সংক্রান্ত বিরোধ ও মারধরের মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।