মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ জোরদার করতে নতুন পদক্ষেপ নিচ্ছে ইরান। দেশটির পার্লামেন্টের নিরাপত্তা কমিটি প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর টোল আরোপের একটি প্রস্তাব অনুমোদন করেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত এই পরিকল্পনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল সংশ্লিষ্ট জাহাজের হরমুজ প্রণালী দিয়ে চলাচল নিষিদ্ধ করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য মতে, পার্লামেন্টের নিরাপত্তা কমিশনের এক সদস্য জানিয়েছেন, এই পরিকল্পনায় রিয়ালভিত্তিক টোল ব্যবস্থা চালু, প্রণালীতে ইরানের সার্বভৌম ভূমিকা জোরদার এবং প্রণালীর অপর তীরে অবস্থিত ওমানের সঙ্গে সমন্বয়ের বিষয়গুলো রাখা হয়েছে।
এর আগে দেশটির একটি সংবাদ সংস্থা জানিয়েছিল, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ফি আরোপের প্রয়োজনীয়তার কথাও সংশ্লিষ্ট মহল থেকে তুলে ধরা হয়েছে।